হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের অপসারণ চেয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। গতকাল সোমবার ক্লাস বর্জন করে তারা দিনভর বিক্ষোভ করেছে। পরিস্থিতি মোকাবিলা করতে স্কুল দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।বিক্ষোভরত ছাত্রীরা বারবার স্কুলের সামনের রাস্তায় আসার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ঘটনাস্থলে অতিরিক্ত মহিলা পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভের খবর পেয়ে হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।ছাত্রীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেয়ে অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। তারা জানায়, ‘ছাত্রী হয়রানির অন্যতম সাক্ষী আমরা। আমাদের সঙ্গে কেউ কোনো কথা না বলে প্রশাসন কেবল সমঝোতা করে যাচ্ছে।’কয়েকজন স্কুলছাত্রী জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বলে, ‘সাংসদ তদন্ত কমিটি গঠন করে যে ১৫ দিন সময় নিয়েছেন, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’জবাবে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নুরুন্নবী ছাত্রীদের আশ্বস্ত করে বলেন, প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে। কাল (আজ) মঙ্গলবার বেলা তিনটার মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রশাসন থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের জন্য। প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী বলেন, পরিস্থিতি শান্ত করতে স্কুল দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, এক ছাত্রী এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনে ৭ এপ্রিল প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ করে।