কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক স্কুলশিক্ষককে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আতিয়ার রহমান নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমান এ রায় দেন। শিলাইদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘আমি যতটুকু জেনেছি, ওই শিক্ষক ষড়যন্ত্রের শিকার।’গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমারখালী থানাহাজত থেকে কুষ্টিয়া কারাগারে পাঠানোর সময় ওই শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। প্রধান শিক্ষক ওবায়দুর রহমান ৪০ হাজার টাকা ঘুষ নিয়ে আমার স্থলে অন্য এক শিক্ষিকাকে নিয়োগ দিতে চাইছেন। সেই কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে বক্তব্য প্রদানের কোনো সুযোগ না দিয়েই সাজা দেওয়া হয়েছে।’অভিযোগ অস্বীকার করে আতিয়ার রহমান নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘গত ১৬ জুন সপ্তম শ্রেণীর এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগ পড়ে জানতে পারি, গত ৭ এপ্রিল বিদ্যালয় ছুটির পর বিকেল চারটার দিকে ওই ছাত্রীকে ওই শিক্ষক ধর্ষণ করে এবং ১৫ জুন ধর্ষণের চেষ্টা করেন। পরে ২০ জুন শিক্ষককে ওই ছাত্রীর অভিযোগ সম্পর্কে জানাই এবং তাঁকে বিদ্যালয়ে আসতে বারণ করি।’ এ ঘটনার পর আর বিদ্যালয়ে ঢুকতে পারেননি ওই শিক্ষক। গত সোমবার শিক্ষক ও তাঁর স্ত্রী কুষ্টিয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার কাছে গিয়ে ঘটনা বলেন। পুলিশ সুপার ঘটনাটি তদন্তের জন্য কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানকে নির্দেশ দেন। ওসি ওই দিনই আতিয়ার রহমান নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যান।ওসি আতিয়ার প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের অভিযোগের ব্যাপারে জানতে সোমবার ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি। বিদ্যালয়ের দপ্তরি জানান, ৭ এপ্রিল তিনি অফিসকক্ষ তালা দিয়ে বাড়ি চলে যান। ওই দিন বিদ্যালয়ে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি।’ আর ধর্ষণের অভিযোগ জানার পরও প্রধান শিক্ষক কেন পুলিশকে জানাননি, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।এ ঘটনার পর প্রধান শিক্ষক ওবায়দুর রহমান অভিযুক্তকে বুধবার বিদ্যালয়ে যেতে বলেন। ওই শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসেছে। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন।ইউএনও মানিকহার রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে ১৩ জন ব্যক্তির সাক্ষ্য-প্রমাণ ও ওই ছাত্রীর দেওয়া তথ্য অনুযায়ী যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষককে এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমার কাছে ঘটনাটি ৮০ ভাগ সত্য মনে হয়েছে। এখানে কোনো অবিচার করা হয়নি।’ শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পেলে সাজার আদেশে উনি স্বাক্ষর করলেন কেন।’ অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রীর অভিযোগ: গতকাল দুপুরে জেলহাজতে পাঠানোর আগে কুমারখালী থানা কার্যালয়ে ওই শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে ছুটির পর সপ্তম শ্রেণীর ওই ছাত্রীসহ আরও ১০ জনকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রাইভেট পড়াই। কিন্তু ওই ছাত্রী মনোযোগ দিয়ে লেখাপড়া করত না। পরীক্ষায় ফেল করেছিল। তার বান্ধবীদের কাছ থেকে জানতে পারি সে মুঠোফোনে বিভিন্ন ছেলেদের সঙ্গে বেশি কথা বলে। এ জন্য ওর ভালোর জন্য গ্রীষ্মকালীন ছুটির আগে এপ্রিল মাসের ১৭/১৮ তারিখের দিকে বকাঝকা করেছিলাম।’ অভিযুক্ত শিক্ষকের স্ত্রী বলেন, ‘স্বামীর এমন ঘটনার পর তিনি নিজেই এর সত্যতা জানতে গত রোববার ওই ছাত্রীর বাড়ি যান। তবে বাড়ির লোকজন ওর সঙ্গে দেখা করতে দেয়নি। পরদিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মেয়েটি আমাদের বাড়িতে আসে। এ সময় তিনি ও তার স্বামী ভারপ্রাপ্ত পুলিশ সুপারের কার্যালয়ে ছিলেন। বাড়িতে তাঁর ননদ ছিলেন।’ ওই শিক্ষকের বোন প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রী বাড়িতে এসে ভাইকে খুঁজতে থাকে। ও জানায়, “স্যারকে বাঁচাতে এসেছি। স্যারের চাকরি যাতে না যায় সে জন্য কথা বলব।” এই বলে ওই ছাত্রী আমার সামনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর একটি দরখাস্ত লেখে। তাতে লেখা ছিল, “স্যারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনার আবেদন”।’ ওই দরখাস্তের বিবরণ অনুযায়ী, শিক্ষক তাকে মারধর করায় সে রাগ করে ধর্ষণের মিথ্যা অভিযোগ করে। ছাত্রীর বক্তব্য: গতকাল সকালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলতে গেলে তার দরিদ্র রিকশাচালক বাবা কথা বলতে দেননি। মেয়েটির বাবা বলেন, ‘যা বলার আমরা বলে দিয়েছি। আমরা এ ব্যাপারে আর সাংবাদিকদের কিছু বলব না। আপনারা এখান থেকে যান। আমাদের বসবাস করাই মুশকিল হয়ে যাচ্ছে।’ মেয়েটির সঙ্গে কথা বলতে না পারায় ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকের বোনের কাছে দেওয়া তার দরখাস্তের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।পুরো ঘটনার ব্যাপারে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাটি যড়যন্ত্রই মনে হচ্ছে। ধর্ষণের অভিযোগ থানায় না দিয়ে বিদ্যালয়ে দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের গোয়েন্দা বিভাগ কাজ করছে।’