যৌন হয়রানির অভিযোগে সেই শিক্ষককে বহিষ্কারের দাবিতে ফের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেই শিক্ষককে বহিষ্কারের দাবিতে গতকাল বুধবার আবারও ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোট যৌথভাবে এ কর্মসূচি পালন করে।মানববন্ধন করা হয় গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশে। সমাবেশের পর একই স্থানে ওই দুই সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশ করেন। নিপীড়নের ঘটনা নিয়ে বিভিন্ন প্রচারমাধ্যমে বিশ্ববিদ্যালয় উপাচার্য পক্ষপাতমূলক বক্তব্য দিয়েছেন বলে সমাবেশে দাবি করা হয়। বক্তারা উপাচার্যের এ ধরনের বক্তব্যের নিন্দা জানান। পত্রিকায় যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের গৃহীত পদক্ষেপ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে অভিযোগকারীর নাম প্রকাশ করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে তাঁরা অবিলম্বে তদন্ত শেষ করে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবি জানান।সমাবেশে ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাসির উদ্দিন, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জে এস জয়দেব, সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ প্রমুখ বক্তব্য দেন।