যৌন হয়রানির দায়ে তরুণের ১ বছরের কারাদণ্ড
মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির দায়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই তরুণের নাম আল আমীন (২৪)। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল হক এ দণ্ড প্রদান করেন।
আল-আমীনের বাড়ি পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে।
পুলিশ, এলাকার কয়েকজন বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আল আমীন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে অনেক দিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীর পরিবার এ নিয়ে আল আমীনের পরিবারের কাছে অভিযোগও করে। আজ সকালে তিনি ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমীনকে আটক করে। পরে নির্বাহী হাকিম সামছুল হক ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন।
ইউএনও মোহাম্মদ সামছুল হক প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ৫০৯ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডবিধির ৫০৯ ধারায় ইভ টিজিং অর্থে বলা হয়েছে, ‘কোনো নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোনো কাজকে বোঝাবে। কাজ অর্থ স্কুল-কলেজগামী মেয়েদের রাস্তাঘাটে দেখে শিস দেওয়া, গান গাওয়া, চোখ বাঁকা করে তাকানো, নারীর শালীনতা অমর্যাদা করার অভিপ্রায়ে কোনো মন্তব্য, কোনো শব্দ, অঙ্গভঙ্গি বা বস্তু প্রদর্শন করা এবং অনুরূপ মন্তব্য, শব্দ নারী শুনতে পায় বা বস্তু দেখতে পায় কিংবা কোনো নারীর নির্জনবাসে অনধিকার প্রবেশকেও ৫০৯ ধারায় অভিযোগ হিসেবে গণ্য হবে।’