যৌন হয়রানির দায়ে তিনজনের দণ্ড
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজ ও রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই ছাত্রী এবং কিশোরগঞ্জের তাড়াইলে এক গৃহবধূকে যৌন হয়রানির দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: গতকাল শনিবার সরকারি আযিযুল হক কলেজে যৌন হয়রানির দায়ে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে সেলিম রেজা (২২) কলেজের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় সেলিম রেজা কলেজের একটি কক্ষের দরজায় ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করেন। এ সময় ছাত্রীটির চিৎকারে কলেজের ছাত্র-শিক্ষকেরা ছুটে আসেন এবং সেলিমকে আটক করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেক দুপুর একটায় অধ্যক্ষের কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেলিম রেজাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল বালিয়কান্দি উপজেলায় এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে যৌন হয়রানির দায়ে নেফাজ উদ্দিন (২২) নামে এক যুবককে এক মাসের দণ্ড দিয়েছেন আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুব-উল করিম জানান, গতকাল সকাল ১০টার দিকে তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিল। পথে একই উপজেলার খোদরাম দিয়া গ্রামের নজির শেখের ছেলে নেফাজ উদ্দিন (২২) তার ওড়না ধরে টানাটানি করে। একপর্যায়ে তার জামা ধরে টান দিলে ছাত্রীটি চিৎকার করে ওঠে। পরে স্থানীয় লোকজন হাতেনাতে নেফাজকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নেফাজকে তাৎক্ষণিকভাবে এক মাসের কারাদণ্ড দেন।তাড়াইল (কিশোরগঞ্জ): তাড়াইলের রাউতি ইউনিয়নের দাউদপুর গ্রামের আলেক মিয়া বেশ কিছুদিন ধরে একই গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় ওই গৃহবধূ গত শুক্রবার সকালে তাড়াইল থানায় লিখিত অভিযোগ করতে যাওয়ার সময়ও আলেক মিয়া তাঁর পিছু নেন। গৃহবধূ থানার প্রধান ফটকের সামনে পৌঁছালে আলেক তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কৌশলে থানার ভেতরে চলে যান এবং সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ গৃহবধূর কাছ থেকে আলেকের অবস্থান জেনে সেখানে গিয়ে তাঁকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যৌন হয়রানির দায়ে আলেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।