যৌন হয়রানির দায়ে দুই তরুণের কারাদণ্ড
বগুড়ার শেরপুরে যৌন হয়রানির দায়ে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন।দণ্ড পাওয়া দুই তরুণ হলেন বগুড়ার বিট পলিটেকনিক্যাল কলেজের কম্পিউটার বিভাগের প্রথম বর্ষের ছাত্র সোহরাব হোসেন (১৯) ও রাসেল মাহমুদ (২০)। তাঁদের মধ্যে সোহরাবকে ছয় ও রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান শুক্রবার রাত ১১টায় তাঁদের এ দণ্ড দেন।শেরপুর থানার উপপরিদর্শক আলহাজ উদ্দিন জানান, ওই দুই তরুণ গত শুক্রবার বিকেল সাড়ে চারটায় শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রামের দশম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে যৌন হয়রানি করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে থানায় সোপর্দ করে। গতকাল শনিবার তাঁদের বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে।