যৌন হয়রানির দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মাদ্রাসাছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইন্টারনেটে প্রকাশসহ পৃথক দুটি যৌন হয়রানির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত এক কলেজছাত্রসহ দুইজনকে এক বছর করে কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এ এফ এম এহতেশামুল হকের আদালত গত বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মমতাজ আলীর ছেলে আবদুুর রাজ্জাক (২০) স্থানীয় কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছেন। সম্প্রতি তিনি স্থানীয় বালিকা মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ইন্টারনেটে প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রীটির অভিভাবকেরা যৌন হয়রানিবিরোধী ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম এ এফ এম এহতেশামুল হক দুপুরে উভয় পক্ষের উপস্থিতিতে সাক্ষী-প্রমাণ সাপেক্ষে আবদুুর রাজ্জাককে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া রাজ্জাককে পুলিশে সোপর্দ করার পরপরই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গত বুধবার রাতে একই আদালত এক কলেজছাত্রীর যৌন হয়রানির অভিযোগে কার্পাসডাঙ্গা গ্রামের বখাটে যুবক আবদুুল বারিক ওরফে আবদুর রকিবকে (৩০) ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ওই রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার বিকেলে ওই কলেজছাত্রী তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি বাঘাডাঙ্গা গ্রাম থেকে বাবারবাড়ি পীরপুর কুল্লাগ্রামে যাচ্ছিলেন। কার্পাসডাঙ্গা বাজার হয়ে যাওয়ার সময় আবদুল বারিক অন্য একটি মোটরসাইকেলে তাঁদের পিছু নেন এবং নানাভাবে উত্ত্যক্ত করেন। ছাত্রীটির স্বামী তাৎক্ষণিকভাবে কিছু না বললেও পরদিন বিকেলে লোকজন সঙ্গে নিয়ে অভিযুক্ত আবদুল বারিককে মারধর করেন। আবদুুল বারিকও ওই কলেজছাত্রীর স্বামীর ওপর হামলার প্রস্তুতি নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বিষয়টি যৌন হয়রানি বিরোধী ভ্রাম্যমাণ আদালতকে জানালে ওই দিন রাত সাড়ে আটটায় আবদুল বারিককে দণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি ছাত্রীটির স্বামীকেও এক হাজার টাকা জরিমানা করেন। আইন নিজ হাতে তুলে আবদুর রাকিবের ওপর হামলার অভিযোগে এই জরিমানা করা হয়।দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।