যৌন হয়রানির দায়ে শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপাচার্য হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভা হয়। এতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় আসাদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া একই বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের নিয়োগ-বাণিজ্যের অডিও রেকর্ড ফাঁসের সত্যতা প্রমাণিত হওয়ায় তিন বছরের জন্য তাঁর পদোন্নতি ও ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১১১তম একাডেমিক কাউন্সিলে অনুমোদন হওয়া তিনটি বিভাগের নাম পরিবর্তনের দাবি পাস করেছে সিন্ডিকেট।