যৌন হয়রানির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় গত বুধবার আবু সাইদ (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, দিঘর ইউনিয়নের কাশতলা গ্রামের বেকার তরুণ বাচ্চু, ছোলায়মান, খোকন, খালেদ ও সুমন প্রায়ই কদমতলী হাসান পাবলিক উচ্চবিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করেন। বুধবার বিকেলে তাঁরা ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় এক ছাত্রীর মামা প্রতিবাদ করায় বাচ্চু ও সোলায়মান তাঁকে বেধড়ক মারধর করেন এবং চায়নিজ কুড়াল দিয়ে কোপান। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে আশপাশের গ্রামের মানুষও অংশ নেয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।