যৌন হয়রানির প্রতিবাদ করে পালিয়ে বেড়াচ্ছেন অভিভাবকেরা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের ছয়জন স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করে মামলার আসামি হয়েছেন সাতজন অভিভাবক। অভিযুক্ত এক বখাটের বাবা দ্রুত বিচার আইনে ৫ ডিসেম্বর আদালতে মামলা করার পর থেকে গ্রেপ্তার এড়াতে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন।জানা গেছে, ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষাকেন্দ্র বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়। এখানকার ছাত্রছাত্রীরা তিন কিলোমিটার মেঠোপথ পার হয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করে। গত ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে ডামোশ গ্রামের ছয়জন ছাত্রী ওই পথে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় মাছের দাইড় এলাকায় বেলগাছি গ্রামের আহার আলীর ছেলে তরিকুল ইসলামসহ পাঁচ-ছয়জন তাদের অশ্লীল মন্তব্য ও টানাহেঁচড়া করে। এক ছাত্রী ও দুই ছাত্রকে তারা গাছের সঙ্গে বেঁধে রাখে। কয়েকজন ছাত্র দূর থেকে ঘটনা দেখে অভিভাবকদের খবর দেয়। বিক্ষুব্ধ অভিভাবকেরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং বখাটেদের হাত থেকে ছাত্রছাত্রীদের উদ্ধার করেন। এ সময় গ্রামবাসীর পিটুনিতে তরিকুল আহত হয়। পরে ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে না গিয়ে বাড়ি ফিরে যায়।পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, ছাত্রীদের আটক ও যৌন হয়রানির খবর শুনে তিনি ও কেন্দ্র তত্ত্বাবধায়ক আবুল কাশেম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের সহায়তায় ছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসেন। আধঘণ্টা দেরিতে তারা পরীক্ষায় অংশ নেয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল হোসেন জানান, খোঁজ নিয়ে জানা গেছে, বেলগাছি গ্রামের তরিকুল, রুবেল ও মাহাবুলের নেতৃত্বে পাঁচ-ছয়জন মাছের দাইড় মাঠে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছে।যৌন হয়রানির শিকার এক স্কুলছাত্রীর বাবা জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা বেগমকে জানানো হয়। এরপর মামলা করতে গেলে তিনি তাঁদের নিরুৎসাহিত করেন এবং বিষয়টি আপস করার পরামর্শ দেন। তাই তাঁরা মামলা করেননি। অথচ ৫ ডিসেম্বর তরিকুলের বাবা বাদী হয়ে সাতজন অভিভাবকের বিরুদ্ধে আদালতে দ্রুতবিচার আইনে একটি মামলা করেছেন। মামলায় ডামোশ গ্রামের সাতজন অভিভাবককে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে তরিকুলকে হত্যার চেষ্টা, মুঠোফোন ও ৩০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। মামলার পর থেকে ওই অভিভাবকেরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।ইউপির চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘যৌন হয়রানির কোনো ঘটনা ঘটেনি। স্কুলছাত্রীদের ওই ছেলেরা খালামণি বলে ডেকেছিল। অথচ অভিভাবকেরা লোহার পাইপ দিয়ে তরিকুলকে অমানবিকভাবে পিটিয়েছেন। বিষয়টি দুই পক্ষের মধ্যে আপসও করে দিয়েছিলাম। এর পরও নির্যাতিত যুবকের বাবা আদালতে মামলা করেছেন।’ইউএনও বলেন, ‘বখাটে কর্তৃক ছাত্রীদের হয়রানি এবং ক্ষুব্ধ অভিভাবকদের দ্বারা বখাটেকে মারধরের দুটি ঘটনাই জেনেছি। মেয়েপক্ষের কেউ আমার কাছে আসেনি। তবু নিজের উদ্যোগে ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে আসা-যাওয়ার সব ব্যবস্থা করেছি। ইউপির চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানও করে দেন। এর পরও কেন মামলা হয়েছে, বুঝতে পারছি না। তবে বিষয়টি দেখব।’