যৌন হয়রানির মামলার এক মাসেও গ্রেপ্তার নেই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যৌন হয়রানির অভিযোগে হওয়া মামলার প্রায় এক মাস পরেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে এ ঘটনার বিচার পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন বাদী।
বাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। আসামিও একই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। এ ঘটনায় গত ১৬ মে মামলা হয়।
গতকাল সোমবার বাদী প্রথম আলোকে বলেন, ১১ মে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে কাজ করছিলেন। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে ওই কর্মকর্তা তাঁর শ্লীলতাহানি করেন। চিৎকার করলে ওই কর্মকর্তা তাঁকে গালিগালাজ করে চলে যান। পরে তিনি ঘটনাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়ন্ত ঘোষকে জানিয়ে এর বিচার দাবি করেন। কিন্তু ওই কর্মকর্তা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ১৬ মে তিনি থানায় মামলা করেন। এরপর ওই কর্মকর্তা বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়ন্ত ঘোষ মুঠোফোনে বলেন, ১৬ থেকে ২২ মে পর্যন্ত ওই কর্মকর্তা ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছেন। তবে ছুটির মেয়াদ শেষ হলেও গতকাল পর্যন্ত তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, মামলার তদন্তকাজ চলছে। আসামিকে ধরার জন্য তাঁর গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলার জন্য ওই কর্মকর্তার বাড়িতে খোঁজ নিয়ে তাঁকে পাওয়া যায়নি। এলাকার লোকজন বলেন, ওই ব্যক্তি ময়মনসিংহ শহরে থাকেন। তাঁর মুঠোফোন নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।