যৌন হয়রানিসহ নানা অভিযোগে বামনার ওসিকে প্রত্যাহার
বিভিন্ন নারীকে যৌন হয়রানিসহ নানা অভিযোগে বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে বরগুনা পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে বরগুনা পুলিশ সুপার তাঁকে প্রত্যাহার করার আদেশ দেন।বিতর্কিত ওসি মনিরুলের প্রত্যাহারের দাবিতে কয়েক দিন ধরে বামনার সচেতন নাগরিকেরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ওসি মনিরুল ইসলাম ২০১২ সালের ২ সেপ্টেম্বর বামনা থানায় যোগদান করার পর বেপরোয়া জীবনযাপন শুরু করেন। শহরে ঘুরতে নামলে তরুণীদের দেখলে আগ বাড়িয়ে সখ্য গড়ে তুলতেন। নারীদের মুঠোফোনের নম্বর সংগ্রহ করে তাঁদের অনৈতিক প্রস্তাব দিতেন। এভাবে অনেক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপন করে ব্যাপক আলোচিত হন তিনি। এ নিয়ে কয়েকজন তরুণী বেশ কয়েক মাস আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগও করেছিলেন। জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার পর (ওসি) মনিরুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।