যৌনপল্লি থেকে আরেক কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে গতকাল মঙ্গলবার আবারও এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে দুই দিনের ব্যবধানে দুই কিশোরীকে উদ্ধার করা হলো।গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন মুন্সি জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পল্লির পাহারাদারের কাছ থেকে সংবাদ পাওয়ার পর দুপুরের দিকে জেএসসি পরিক্ষার্থী ওই কিশোরীকে (১৪) উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লির বাড়িওয়ালা নুরুজ্জামান (৪০), চান মিয়া (৩৫) ও কিশোরীর প্রেমিক মিজানুর রহমানকে (১৮) আটক করা হয়। উদ্ধার হওয়া কিশোরী থানা হেফাজতে সাংবাদিকদের জানায়, সে মানিকগঞ্জের হরিরামপুরে একটি বিদ্যালয়ে পড়ে। গত সোমবার জেএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষ করে দুপুরে বাড়ি ফেরে। এ সময় প্রেমিক মিজানুরের বন্ধু শরীফুল ইসলাম তাকে মুঠোফোনে হরিরামপুরের এক মেলায় যেতে বলে। সে মেলায় গিয়ে শরীফের সঙ্গে দেখা করে। সন্ধ্যায় মিজান তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় শরীফ তার এক খালার বাড়ি বেড়ানোর কথা বলে মিজান ও কিশোরীকে ফুসলিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে। এখানে এনে শরীফ তাদের একটি চায়ের দোকানে বসিয়ে রেখে পল্লির ভেতর যায়। কিছুক্ষণ পর শরীফ তাদের নিয়ে পল্লির একটি ঘরে ঢোকে এবং তাদের তালাবদ্ধ করে রাখে। পরদিন মঙ্গলবার সকালে বাড়িওয়ালা নুরুজ্জামান ও তাঁর সঙ্গী চান মিয়া আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে লাঠি দিয়ে মিজানুর ও কিশোরীকে মারধর করেন। পরে পল্লির পাহারাদারেরা তাদের আটক করে থানা পুলিশে খবর দেন। গ্রেপ্তার হওয়া মিজানুর জানান, তাঁর বন্ধু শরীফুল ইসলাম ধোঁকা দিয়ে খালার বাড়ি বেড়ানোর কথা বলে যৌনপল্লিতে এনে তাদের আটকে রাখেন। পুলিশ আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান। যৌনপল্লিতে তিনি কোনোদিন আসেননি বলে দাবি করেন।গোয়ালন্দঘাট থানার ওসি (তদন্ত) মো. আবদুল কাদের শেখ জানান, উদ্ধার হওয়া কিশোরী থানা পুলিশের হেফাজতে রয়েছে। কিশোরীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, গত শনিবার রাতে পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে আরেক জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে।