যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার
মাগুরা সদর উপজেলা থেকে নিখোঁজ কিশোরীকে প্রায় দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে সোমবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যৌনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল নিশাত জানান, মাগুরা সদর উপজেলার দরিদ্র পরিবারের ওই কিশোরীকে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে ওই যৌনপল্লিতে আনা হয়। এক নারী পাচারকারী যুবক ফুঁসলিয়ে তাকে মাগুরা থেকে ৭ আগস্ট যৌনপল্লিতে নিয়ে আসে। সেখানে ৫০ হাজার টাকায় তাকে এক যৌনকর্মীর কাছে বিক্রি করে যুবক পালিয়ে যায়। এদিকে মেয়ের পরিবারের লোকজন অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, এ ঘটনায় কিশোরীর বাবা মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিসহ উদ্ধার হওয়া কিশোরীকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত গ্রেপ্তারকৃতকে জেলহাজতে পাঠিয়ে কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।