যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত রোববার পুলিশ এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে। তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানোর অভিযোগে সিজমা (২৫) নামের এক যৌনকর্মীকে এ সময় গ্রেপ্তার করা হয়।গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন মুন্সি জানান, মেয়েটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি তাঁত কারখানায় মায়ের সঙ্গে কাজ করত। সপ্তাহ দুই আগে বিয়েবাড়িতে যাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যান পারিবারিকভাবে পরিচিত ইদ্রিস মিরাজী। পরে তিনি, তাঁর কথিত বান্ধবী সিজমা ও সিজমার স্বামী শুকুর আলী বেড়াতে বের হন। এরপর দৌলতদিয়া যৌনপল্লিতে সিজমার বাড়িতে নিয়ে কিশোরীকে আটকে রাখেন। সেখান থেকে মিতা নামের আরেক যৌনকর্মীর কাছে তাকে বিক্রি করে দেন। শনিবার এক আত্মীয় খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানান। রোববার রাত নয়টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ সময় মিতা পালিয়ে গেলেও সিজমা গ্রেপ্তার হন। এ ঘটনায় কিশোরীর মা অভিযুক্ত ওই ব্যক্তিদের আসামি করে গতকাল একটি মামলা করেছেন।