যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার একজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ শনিবার রাতে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির সময় এক কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদেক মোল্লা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া সাদেক মোল্লা (৩০) পাবনার বেড়া উপজেলা সদরের সামাদ মোল্লার ছেলে। গতকাল রোববার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, রাজশাহীর বাঘমারা উপজেলা সদরের এক কিশোরী কিছুদিন আগে তার মামার বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়। সেখানে ২০-২৫ দিন থাকার পর সাদেক মোল্লা ওই কিশোরীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে শুক্রবার ঢাকার মিরপুর এলাকার একটি বাসায় নিয়ে যান।শনিবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা বলে সাদেক তাকে দৌলতদিয়া নিয়ে আসেন। ওই দিন কৌশলে যৌনপল্লিতে নিয়ে জানু নামে এক বাড়িওয়ালির কাছে বিক্রি করার চেষ্টা করলে ওই কিশোরী চিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন সাদেককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে।এ ঘটনায় শনিবার রাতেই কিশোরী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।