যৌনপল্লি থেকে গৃহকর্মী উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা-পুলিশ গত বুধবার রাতে দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক গৃহকর্মীকে (১৪) উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঁখি বেগম (২২) নামের এক যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, উদ্ধার হওয়া গৃহকর্মী বাদী হয়ে বাড়িওয়ালি নীপা ও আটক আঁখি বেগমকে আসামি করে মানব পাচার আইনে থানায় মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার তাদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া গৃহকর্মীর বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে থানা-পুলিশ জানায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওই কিশোরী প্রায় তিন বছর ধরে গাজীপুরের টঙ্গী এলাকার এক আত্মীয়ের বাসায় থেকে গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে তার সঙ্গে এলাকায় নীপা (৩০) নামের এক নারীর সাক্ষাৎ হয়। এ সময় গৃহকর্মীর কাজের কথা শুনে নীপা কম কাজে ভালো বেতনে তাঁর বাসায় চাকরির কথা বললে কিশোরী রাজি হয়। পরে ওই দিন সন্ধ্যায় রওনা করে মধ্যরাতে দৌলতদিয়ার বাড়িতে নিয়ে আসেন। চার-পাঁচ দিন বাড়ির কাজ করার পর ২৭ মে কিশোরীকে নীপা তাঁর পল্লির বাড়িতে নিয়ে গিয়ে যৌনকর্মী আঁখির ঘরে আটকে রাখেন। এরপর থেকে তাকে দিয়ে জোরপূর্বক যৌন কাজ করতে বাধ্য করা হয়। কথামতো রাজি না হলে তাকে মারধর করা হতো। গত বুধবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির কাছে কিশোরী সব ঘটনা খুলে বলে উদ্ধারের আকুতি জানালে ওই ব্যক্তি গোয়ালন্দঘাট থানা-পুলিশকে জানায়। পরে ওই দিন রাত পৌনে ১০টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে গৃহকর্মীকে উদ্ধার ও আঁখি বেগমকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযান টের পেয়ে নীপা আগেই পালিয়ে যান।