যৌনপল্লি থেকে চার শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত সোমবার ও গতকাল মঙ্গলবার চার শিশুকে উদ্ধার করেছেন মুক্তি মহিলা সমিতি নামের স্থানীয় বেসরকারি একটি সংগঠনের (এনজিও) কর্মীরা।

উদ্ধার হওয়া চার শিশুর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় (১৭ বছর), সিলেট সদর উপজেলায় (১৪), ঢাকার খিলখেত এলাকায় (১৩) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় (১৮)।

মুক্তি মহিলা সমিতির অপরাজিত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মুঞ্জুর রহমান বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ও গতকাল দুপুরে শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে যৌনপল্লির চার বাড়িওয়ালির বাড়ি থেকে ওই শিশুদের উদ্ধার করে আনি। পরে তাদের কাছ থেকে ঠিকানা জেনে বাড়িতে খবর পাঠিয়েছি।’

উদ্ধার হওয়া শরীয়তপুরের শিশুটি গতকাল এনজিও কার্যালয়ে আলাপকালে জানায়, প্রায় এক বছর আগে মুঠোফোনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ আলম নামের এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনেই প্রেম চলে। পরিবারের অভাবের কারণে শিশুটি কাজের সন্ধান করছিল। ২২ দিন আগে ভালো কাজ দেওয়ার কথা বলে ওই তরুণ শিশুটিকে দেখা করতে ঢাকার সদরঘাটে আসতে বলেন। শিশুটি আসার পর শাহ আলম তাকে  বেড়ানোর কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে ৫০ হাজার টাকায় বিক্রি করেন। অন্য শিশুরাও প্রেমিকসহ বিভিন্নজনের মাধ্যমে প্রতারিত হয়েছে বলে জানিয়েছে।