যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার গ্রেপ্তার ১
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাঁকে উদ্ধার করে। ওই তরুণীকে আটকে রাখার অভিযোগে পারভীন আক্তার (৪০) নামের পল্লির এক বাড়িওয়ালিকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়।
গতকাল বুধবার গোয়ালন্দঘাট থানা হেফাজতে থাকাকালীন পারভিন আক্তার জানান, আড়াই মাস আগে ইমন নামের এক তরুণ তাঁর কাছে ওই তরুণীকে ৩০ হাজার টাকায় বিক্রি করে যান। এর পর থেকে ওই তরুণী তাঁর বাড়িতে গৃহ সহকারীর কাজ করতেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বলেন, ওই তরুণী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ইমন নমের এক তরুণের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় হয়।
একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২২ অক্টোবর ইমন তাঁকে বিয়ে করার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে বিক্রি করে চলে যান।
এর পর থেকে ওই তরুণীকে জোর করে দেহব্যবসায় বাধ্য করানো হয়। গত মঙ্গলবার দুপুরে ওই তরুণীর এক আত্মীয় ঘটনাটি জানতে পেরে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে এবং পারভিন আক্তারকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতেই ওই তরুণীর আত্মীয় বাদী হয়ে মামলা করেন।