যৌনপল্লি থেকে দুই স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।পুলিশ ও ওই দুই ছাত্রী জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি গ্রামে ওই দুই ছাত্রীর বাড়ি। ১৬ দিন আগে তারা বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে মুকসুদপুর শহরে কেনাকাটা করতে যায়। শহরে ঘুরতে ঘুরতে অনেক সময় পার হয়ে যায়। বাড়িতে গেলে বকা খাওয়ার ভয়ে এবং পরিবারের অসচ্ছলতার কথা বিবেচনা করে তারা ঢাকায় গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয়। বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় অপরিচিত দুই তরুণের সঙ্গে তাদের পরিচয় হয়। তরুণেরা তাদের ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপিল্লর লাকি নামের এক বাড়িওয়ালীর কাছে তাদের বিক্রি করে দেয়।এর পর থেকে তাদের ওপর শুরু হয় নির্যাতন। শরীর মোটা করার জন্য তাদের বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়। গত শনিবার যৌনপল্লিতে আসা এক ব্যক্তির কাছে তারা সেখান থেকে বের হওয়ার জন্য সাহায্য চায়। পরে ওই ব্যক্তি ছাত্রীদের পরিবারকে খবর দেয়। এরপর পরিবারের লোকজন বিষয়টি গোয়ালন্দঘাট থানা পুলিশকে জানান। রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল নিশাত।