যৌনপল্লিতে কওমি পরিষদের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদরের পুরানবাজারের একটি যৌনপল্লিতে ইছলাহে কওমি পরিষদ নামের একটি সংগঠনের সদস্যরা  হামলা, ভাঙচুর ও লুটপাট  চালিয়েছেন। একজন যৌনকর্মীর অভিযোগ, এ সময় হামলাকারীরা দুই শতাধিক যৌনকর্মীকে সেখান থেকে তুলে নিয়ে গেছে। তবে পুলিশ জানায়, এ অভিযোগ সত্য নয়। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

যৌনপল্লির ক্ষতিগ্রস্ত কর্মীরা অভিযোগ করেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও  কোনো পদক্ষেপ নেয়নি। হামলার পর পুলিশের উপস্থিতিতেই সমাবেশ করে যৌনপল্লিতে আবার হামলার হুমকি দিয়েছে ইছলাহে কওমি পরিষদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইছলাহে কওমি পরিষদ নামের সংগঠনটি  দীর্ঘদিন ধরে পুরানবাজার থেকে ওই যৌনপল্লি উচ্ছেদ করার জন্য আন্দোলন করছিল। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ইছলাহে কওমি পরিষদের নেতা ও যৌনপল্লির নেতাদের সঙ্গে কয়েকবার বৈঠক করেন। এ ছাড়া মাদারীপুরের সাংসদ ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গেও দুই পক্ষ বৈঠক করে। তবে এসব বৈঠকে কোনো সমঝোতা হয়নি। আজ সকালে কওমি পরিষদের সদস্যরা পুরানবাজারের কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে যৌনপল্লিতে অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা যৌনপল্লির সব ঘর ভাঙচুর করে ও লুটপাট চালায়। পুরো যৌনপল্লি লন্ডভন্ড করে দেয় হামলাকারীরা।

যৌনকর্মীরা অভিযোগ করেন, একটা দল ওই যৌনপল্লির জায়গায় বহুতল ভবন নির্মাণ করবে। সে কারণে সেখানে হামলা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার খন্দকার ফরিদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, যৌনপল্লিতে ইছলাহে কওমি পরিষদ হামলা ও ভাঙচুর করেছে। আরও হামলার আশঙ্কায়  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত থাকায় ১০-১২ জনকে আটক করা হয়েছে। নিরাপত্তার কারণে কয়েকজন যৌনকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে যৌনপল্লি থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়নি বলে তিনি জানান।

হামলার সময় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি—এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, এটা সত্য নয়। তাঁরা যাওয়ার আগেই হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ইছলাহে কওমি পরিষদের সাধারণ সম্পাদক আলী আহমেদের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। 

 সমাবেশ করে আবার হামলার হুমকি
সকালে হামলার পর বেলা একটার দিকে কওমি পরিষদের সদস্যরা পুরানবাজারের ওই যৌনপল্লির কাছে একটি সমাবেশ করেন। সেখানে পরিষদের সাধারণ সম্পাদক আলী আহমেদ হুমকি দিয়ে বলেন, যৌনপল্লি ছেড়ে দেওয়ার জন্য যৌনকর্মীদের এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে না গেলে সেখানে আবার হামলা হবে। সমাবেশস্থলের কাছেই পুলিশ মোতায়েন ছিল।