যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডলকে (২১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার গভীর রাতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ সময় নিহত সাইফুলের বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইফুলের বাবার নাম মোহন মণ্ডল। তিনি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাইফুল তাঁর ঘরে যান। সেখানে কিছুক্ষণ থাকার পর কয়েকবার বাইরে যান। রাত ১২টার দিকে সাইফুল আবার তাঁর ঘরে যান। পরে দেড়টার দিকে জরুরি ফোন পেয়ে বাইরে যান। তিনটার দিকে তিনি গুলির শব্দ শোনেন। কারা, কেন তাঁকে খুন করল, তিনি কিছুই জানেন না।

দৌলতদিয়া যৌনপল্লি এলাকার বাসিন্দারা জানান, সাইফুল ইসলাম ওরফে রিপন গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে দৌলতদিয়ায় যান। বাড়ি না গিয়ে তিনি স্থানীয় কুটি মোল্লাপাড়ার বাসিন্দা বন্ধু ফরিদ শেখকে (২২) সঙ্গে নিয়ে ঘুরতে যান। রাত আনুমানিক তিনটার দিকে যৌনপল্লির একটি বাড়ির সামনে দুর্বৃত্তরা সাইফুলকে গুলি করে। গুলি তাঁর বুকের দুই পাশে ও মাথার বাঁ পাশে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় সাইফুলের সঙ্গে থাকা ফরিদকেও গুলি করা হয়। তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। ভোর চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

যৌনপল্লির পাহারাদারদের সরদার লাল মিয়া জানান, পল্লিতে ৫৬ জন পাহারাদারের মধ্যে গতকাল রাতে ২৮ জন নিয়োজিত ছিলেন। সাইফুলকে যেখানে গুলি করা হয়, তার দুই পাশে পাঁচজন পাহারাদার ছিলেন।

লাল মিয়া আরও বলেন, ‘অনেক সময় পরিচিত লোকজন দেখলে তাঁদের তল্লাশি ছাড়াই ছেড়ে দেওয়া হয়। তবে অচেনা লোক দেখলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে ভেতরে ঢোকানো হয়। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটল, আমরা বুঝতে পারছি না।’

নিহত সাইফুলের বাবা মোহন মণ্ডল বলেন, ‘রিপনের ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা দিয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে খুন করেছে। আমার একমাত্র ছেলেকে হত্যার বিচার চাই।’

লাশের সুরতহাল প্রতিবেদন শেষে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার মোল্লা বলেন, ‘লাশের বুকে দুই পাশে দুটি ও বাঁ কানের ওপর মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। আহত ব্যক্তির মুখে একটি গুলি লেগেছে বলে শুনেছি। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনাস্থল থেকে চারটি নাইন এমএম পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে।’

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারছি না। দুর্বৃত্তরা যে-ই হোক, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’