যৌনপল্লিতে হামলার প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুরের যৌনপল্লিতে হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন করেছে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক। ২৭ আগস্ট মাদারীপুর শহরের পুরানবাজারের যৌনপল্লিতে হামলা চালানো হয়।
মানববন্ধনে যৌনকর্মীদের ফিরিয়ে আনা, তাঁদের নিরাপত্তা দেওয়া এবং হামলার সুষ্ঠু বিচারের দাবিসংবলিত ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকেন প্রতিবাদকারীরা। মানববন্ধনে যৌনকর্মী ছাড়াও বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যৌনপল্লিতে দুর্বৃত্তদের আক্রমণের ঘটনায় বিভিন্ন মানবাধিকার ও নারী সংগঠন প্রতিবাদ জানিয়েছে।
যৌনপল্লি উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু গতকাল এক বিবৃতিতে বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে যৌনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এখন যৌনকর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যৌনকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয় বিবৃতিতে।
এ ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।