যৌনপল্লির শিশুরা কারাতে শেখে, ভায়োলিন বাজায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি ভালো ছবি আঁকে। ছবি দেখতে চাইলে চৌকির নিচে ছোট ট্রাংক থেকে একটি খাতা বের করল। অনেক ছবির মধ্যে একটি ছবি এঁকেছে মাকে নিয়ে। তাতে লিখেছে, ‘মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ-কষ্ট জমা রাখি...।’ ভায়োলিন বাজিয়ে শোনাল তিনজন। নবম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে ২০১২ সাল থেকে চলতি বছর পর্যন্ত চারবার নেপাল থেকে কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেল এনেছে। ছেলেরাও কোনো অংশে কম যায় না। তাদের অনেকেই বিশ্বসেরা ক্রিকেটার হতে চায়। কারাতে, তবলা বাজানো, গানেও তারা পারদর্শী।
সাংস্কৃতিক অঙ্গন ও খেলাধুলায় পারদর্শী এই ছেলেমেয়েরা থাকে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি গ্রামে সোনার বাংলা চিলড্রেন হোমে। তারা যৌনকর্মী মায়ের সন্তান। বেশির ভাগ মা থাকেন শহরের কান্দাপাড়া যৌনপল্লিতে। আর এই হোমে শিশুরা বেড়ে উঠছে সমাজের আর দশটা শিশুর মতোই। এখানে শিশুরা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়ে। তারপর টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যায়।
বেসরকারি সংস্থা তেরে দেস হোমস্ নেদারল্যান্ডসের সহায়তায় টাঙ্গাইলের বেসরকারি সংগঠন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) কান্দাপাড়া পল্লির শিশুদের পুনর্বাসন ও সমাজে পুনঃ একত্রীকরণের জন্য হোমটি পরিচালনা করছে ১৯৯৮ সাল থেকে। হোমের ভেতরে ছেলেমেয়েদের জন্য পৃথক থাকার ব্যবস্থা আছে। হোমের শিশুরা নিজেরাই সাংস্কৃতিক দল গঠন করেছে। হোমের প্রিন্সিপাল মো. আবদুল হকের চেয়ারের পেছনে কাচের আলমারিতে বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন জায়গা থেকে শিশুদের পাওয়া পুরস্কারগুলো সাজানো আছে।
আবদুল হক বললেন, এই শিশুরা যাতে মন খারাপ করার সুযোগ না পায়, তাই গান, ভায়োলিন বাজানো শেখানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত রাখা হয়। ঢাকা থেকে ব্রেকিং দ্য সাইলেন্সের কাউন্সেলররা এসে শিশুদের কাউন্সেলিং করেন। প্রতি শুক্রবার মায়েরা এখানে এসে সন্তানদের দেখে যান। মায়েরাও তাঁদের সন্তানদের এ পেশায় আনবেন না বলে জানিয়েছেন।
গত বছর থেকে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ থেকে রক্ষা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় তেরে দেস হোমস্ নেদারল্যান্ডসের কারিগরি সহায়তায় টাঙ্গাইল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন চিলড্রেন নামের একটি প্রকল্প শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ঢাকার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ, ব্রেকিং দ্য সাইলেন্স এবং টাঙ্গাইলের এসএসএস প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২৩ ও ২৪ এপ্রিল এই প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের সহযোগিতায় যৌনকর্মী মা ও শিশুদের সঙ্গে কথা বলার সুযোগ হয়।
টাঙ্গাইল শহরে এসএসএস-পৌর আইডিয়াল হাইস্কুলে পড়ছে ৫৬ জন শিশু। স্কুলপড়ুয়া শিশুদের মায়েরা যৌনপল্লি এবং কেউ কেউ পল্লির বাইরে বাসা ভাড়া করে সন্তানকে বড় করছেন। স্কুলে বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া যৌনকর্মী মায়ের সন্তানদের নিয়ে গঠন করা হয়েছে শিশু সংগঠন। স্কুলটিতে এই শিশুদের সঙ্গে হরিজন এবং সমাজের অন্য শিশুরা একসঙ্গে পড়াশোনা করছে।
তেরে দেস হোমস্ নেদারল্যান্ডসের দেশীয় পরিচালক মাহমুদুল কবির প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এই শিশুদের নিয়ে কাজ হচ্ছে। অন্তত কিছু ছেলেমেয়েকে হলেও যৌন পেশার বাইরে রাখা সম্ভব হয়েছে। আর সব থেকে বড় কথা, যৌনকর্মী মায়ের শিশুদের সুযোগ দিলে তারাও সব কাজে ভালো করতে পারে—তা প্রমাণিত।
আছে ভালো উদাহরণ
কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন চিলড্রেন প্রকল্পের আওতায় সোনার বাংলা চিলড্রেন হোমে আছে ৬৮ জন শিশু। এর বাইরে এসএসএস নিজস্ব অর্থায়নে হোমের প্রায় ২০ জন যাঁদের বয়স ১৮ বছরের বেশি, তাঁদের সহযোগিতা করছে। রুবি (ছদ্ম নাম) তাঁর দুই ছেলেকে দিয়েছিলেন ছোট বেলায়। তাঁদের একজন এখন ঢাকায় এমএ পড়ছেন, আরেকজন ঢাকারই একটি কলেজে পড়ছে। হোমে থাকা এক মেয়ে টাঙ্গাইলের একটি নামকরা সরকারি কলেজে এমএ পড়ছেন। কেউ কেউ নার্সিং প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। কেউ কেউ পড়ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁরা চাকরি করছেন। এ পর্যন্ত হোমের ১৪ জন মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের পরিচয় গোপন করা হয়নি।