যৌনপীড়নের অভিযোগে দোকানি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে (৭) ডেকে দোকানে নিয়ে যৌনপীড়নের অভিযোগে গত বৃহস্পতিবার ইয়াছিন আলী (৩৫) নামের এক মুদির দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াছিন উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন। তিনি বলেন, তাঁর মেয়ে তাঁকে বলেছে যে ওই দোকানদার মেয়েকে দোকানের পেছনে আরেকটি কক্ষে টেনে নিয়ে যান এবং চিৎকার না করার জন্য ছুরি দিয়ে ভয় দেখান।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা ইয়াছিনকে আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
স্কুলের একজন শিক্ষক বলেন, সকাল ১০টার দিকে ইয়াছিনের দোকানের ভেতরে মেয়েটির কান্না শুনে সহপাঠীরা দৌড়ে এসে তাঁদের জানায়।