রং ধরেছে আমে, বাতাসে ম-ম গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই পাকতে শুরু করেছে আম। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়াগত কারণেই এবার আমগাছে মুকুল আসে। দেশি জাতের আম আগে পাকতে শুরু করেছে।

আমচাষি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আম বলতে আগে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীকেই বোঝাত। এখন মাগুরায়ও বাণিজ্যিক ভিত্তিতে প্রায় সব জাতের আমের উৎপাদন হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতিবছর কৃষি জমিতে বাড়ছে আমের আবাদ। জেলা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় রয়েছে বেশ কিছু বড় বড় আমবাগান।

শ্রীপুরের আমবাগানের মালিক লিয়াকত আলী বলেন, প্রায় গাছেই প্রচুর আম আছে। তাঁর বাগানে গুটি ও আশ্বিনা জাতের আম বেশি। তিনি আশা করছেন, বড় ধরনের শিলাবৃষ্টি না হলে এবার আমের ফলন ভালো হবে।

মাগুরা সদরের শত্রুজিৎপুর এলাকার আমচাষি সিরাজুল ইসলাম বলেন, গাছে আম পাকতে শুরু করেছে। রং ধরেছে। মোটামুটি আর সপ্তাহ দুয়েকের মধ্যে আম বাজারে তুলতে পারবেন।

কৃষি বিভাগ জানায়, মাগুরার চারটি উপজেলায় ১ হাজার ২৫৪ হেক্টর জমিতে আমবাগানে আমের আবাদ হয়েছে। এ মৌসুমে আম উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ১৭ হাজার ৩৯৮ মেট্রিক টন। এ ছাড়া প্রতিটি বাড়িতে ২ থেকে ১০টি পর্যন্ত দেশি আমের গাছ রয়েছে। প্রতিবছর জেলায় আমবাগানের সংখ্যা ক্রমেই বাড়ছে। মূলত ২০০৫ সালের পর থেকে আমবাগানের সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাত, আশ্বিনা জাতের বেশি। সেই সঙ্গে গবেষণা জাত বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছেন অনেকে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, শীত ও তাপমাত্রার কারণে এবার গাছে প্রচুর মুকুল ছিল। তিনি বলেন, তিনটি পর্যায়ে আমের মুকুল আসে। পুরোনো দেশি জাতের গাছের আম পাকতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মাঝামাঝিতে বাজারে আম তুলতে পারবেন চাষিরা।