রং-বর্ণহীন প্রবীণ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় ছেলেমেয়েরা পাশে ছিল। ফুলেছা খাতুনের ঠাঁই এখন গাজীপুরের আবদুল আলী সেবাশ্রমে l ছবি: প্রথম আলো
একসময় ছেলেমেয়েরা পাশে ছিল। ফুলেছা খাতুনের ঠাঁই এখন গাজীপুরের আবদুল আলী সেবাশ্রমে l ছবি: প্রথম আলো

ফুলেছা খাতুনের (৮০) এক ছেলে, তিন মেয়ে। একটি প্রতিষ্ঠানে ঝাড়ুদারের কাজ করতেন। তখন ছেলের সংসারে ভালোই কদর ছিল। একসময় অস্থায়ী ভিত্তিতে পাওয়া চাকরিটা ছেলের বউকে দিয়ে দেন। এরপর থেকেই কদর কমতে থাকে ফুলেছা খাতুনের। এখন তাঁর ঠাঁই হয়েছে গাজীপুরের কাপাসিয়ার আবদুল আলী সেবাশ্রমে।

শুক্রবার সেবাশ্রমে বসে কথা হয় ফুলেছা খাতুনের সঙ্গে। স্বামী মারা গেছেন বেশ আগে। ফুলেছা বলেন, ‘বাড়িত পানির কল দিছি। ঘর দিছি। তিন মেয়ের বিয়া দিছি। ছেলেরে বিয়া করাইছি। চাকরি কইরা ছেলের সংসার টানছি। নিজের জন্য কিছুই জমা রাখি নাই। কিন্তু আমার ভাগ্যে এই ছিল?’

বেসরকারিভাবে অরুণাচল ট্রাস্টের অধীনে পরিচালিত কাপাসিয়ার বীর উজুলী এলাকার দিঘিরপাড়ে এ সেবাশ্রমে ফুলেছা খাতুনের বোন আনোয়ারা বেগমও থাকেন। আনোয়ারার দুই ছেলে, এক মেয়ে। তাঁরও স্বামী মারা গেছেন। বাড়ি, ঘর যা ছিল স্বামী দুই ছেলের নামে লিখে দিয়ে গেছেন।

চোখের পানি মুছতে মুছতে আনোয়ারা বেগম বললেন, ‘একসময় সংসারের হাল ধরছিলাম। এখন আমি পথের কাঙাল। আমার কোনো মূল্য নাই। কেউ খবরও নেয় না। আমি বাঁচলেও সই, মরলেও সই।’

এই সেবাশ্রমে থাকা হাজেরা, করফুল নেছা, বানেছাসহ অন্যদের জীবনের গল্পগুলোও ফুলেছা বা আনোয়ারা বেগমের চেয়ে আলাদা কিছু নয়। তাঁরা এখন সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী দিন কাটাচ্ছেন এখানে। তবে তাঁদের মতে, এখানে অন্তত তিন বেলা খাওয়ার জন্য কেউ কটু কথা বলছে না। নিজের খরচের জন্যও চিন্তা করতে হচ্ছে না।

কাপাসিয়ার আবদুল আলী সেবাশ্রমটি পরিচালিত হচ্ছে ১৩ জন ট্রাস্টির সহায়তায়। ট্রাস্টিদের মধ্যে সাতজনই নারী। এর মূল উদ্যোক্তা ফারহানা হক দেশের একটি আইটি ফার্মে কর্মরত। এর আগে তিনি আট বছর ইংল্যান্ডে একটি ওল্ডহোম বা বৃদ্ধাশ্রমে খণ্ডকালীন কাজ করেছেন।

ফারহানা হক প্রথম আলোকে বলেন, যে প্রবীণ নারীরা পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পারছেন না তাঁদের জন্য বৃদ্ধাশ্রম বা এ ধরনের কোনো কেন্দ্র থাকা জরুরি। তবে এসব কেন্দ্রে এসে তাঁরা যাতে একাকিত্বে না ভোগেন সেদিকে নজর দিতে হবে। যাঁরা সক্ষম তাঁদের বিভিন্ন আয়বর্ধক কাজে লাগাতে হবে, যাতে নিজেদের অসহায় না ভাবেন।

আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবার দিবসের প্রতিপাদ্য—‘আগামীর পথে, প্রবীণের সাথে’।

দেশে প্রবীণ নারীর সংখ্যার সঠিক হিসাব নেই। এ বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা ১ কোটি ৩০ লাখ। তবে প্রবীণ নারীদের সংখ্যা তিনি পৃথকভাবে উল্লেখ করেননি।