ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার অভিযান চালিয়ে পাঁচটি রংচটা ফিটনেসবিহীন যানবাহন জব্দ করেছেন। আদালতে গতকাল রোববার রাত পর্যন্ত ৪৫টি মামলা হয়েছে এবং এসব থেকে ২৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত রাজধানীর মিরপুর, উত্তরা, নিউমার্কেট, মতিঝিল ও তেজগাঁওয়ে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানতে চাওয়া হলে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ক্রিকেটে শেষ খেলা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলবে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ফিটনেসবিহীন কয়েকটি যানবাহন জব্দ করেছে। গতকাল ভ্রাম্যমাণ আদালত রংচটা, ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন পাঁচটি বাস-মিনিবাস জব্দ করে তা ডাম্পিংয়ে পাঠিয়ে দেন। গতকাল র্যাবের কয়েকটি দলকেও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। এদিকে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানের কারণে রাস্তাঘাটে বাস-মিনিবাস কমে গেছে। ফলে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।