রংতুলিতে আঁকা স্বপ্ন ও স্বদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত শত শিশুর কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল গতকাল বৃহস্পতিবার বেঙ্গল গ্যালারি। দেয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধাই করা তাদের আঁকা ছবি। সেই ছবিতে আছে তাদের স্বপ্ন, দেশের প্রকৃতি এবং যে পরিবেশে তারা থাকে সেই দৃশ্যমালা। ‘আমার দেশ’ নামে সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ছবির এই প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায়। তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবিয়র্গ স্টফরিং। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগম মমতাজ খালেক, সুলতানা কামাল ও রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের সুবিধাবঞ্চিত শিশুরা সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করে।প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ১১৩টি। প্রদর্শনী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।অনুষ্ঠানে জানানো হয়, আইন ও সালিশ কেন্দ্রের শিশু অধিকার ইউনিট সুবিধাবঞ্চিত শিশুদের অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের জন্য কাজ করছে। প্রদর্শনীর আয় আইন ও সালিশ কেন্দ্রের শিশু উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে।চৈত্রসংক্রান্তি বই উত্সবকেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে গতকাল শুরু হয়েছে চৈত্রসংক্রান্তি বই উত্সব। অ্যাডর্ন পাবলিশার্স আয়োজিত এই উত্সবে পাওয়া যাচ্ছে তাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ ও ভ্রমণবিষয়ক বই। এসব বই বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ শতাংশ ছাড়ে। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এ উত্সব। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত পাঠক এ উত্সব থেকে বই সংগ্রহ করতে পারবেন।কালি ও কলম সাহিত্য পুরস্কারআজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে কালি ও কলম সাহিত্য পুরস্কার বিতরণী। তরুণদের সাহিত্যকর্ম ও সৃজনধারাকে উত্সাহিত করতে এইচএসবিসি ব্যাংক ও মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম এ পুরস্কার প্রবর্তন করেছে। এ বছর সাহিত্যের তিনটি শাখায় দেওয়া হবে এ পুরস্কার।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। কালি ও কলম সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। আয়োজক সূত্রে জানা গেছে, এবার কবিতায় আমি ও বাঘারু কাব্যগ্রন্থের জন্য আহমেদ মুনির, কথাসাহিত্যে অন্ধ জাদুকর গ্রন্থের জন্য আহমাদ মোস্তফা কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় একাত্তরের গণহত্যা গবেষণাগ্রন্থের জন্য আজিজুল পারভেজকে পুরস্কার দেওয়া হবে।