রংপুর, খাগড়াছড়ি ও জামালপুরে বিচার শুরু, সিলেটে সাক্ষ্য শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল বুধবার রংপুর, খাগড়াছড়ি ও জামালপুরে বিচারকাজ শুরু হয়েছে। রংপুরে দুটি আলাদা মামলায় বিডিআরের ৫৪ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা। খাগড়াছড়িতে ৪২ ও জামালপুরে বিডিআরের ৫২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। এদিকে বিদ্রোহের মামলায় সিলেট ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-রংপুর: গতকাল রংপুর বিডিআর সেক্টর সদর দপ্তরের ১১ এবং ৩৪ রাইফেল ব্যাটালিয়ানের ৪৩ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ দাখিল করা হয়েছে। সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআর দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ। ৩৪ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের মধ্যে গতকাল ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। এই মামলার বাকি ১৬ আসামি আগেই গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে রংপুর সেক্টরের মামলার ১১ জন আসামিও জেলহাজতে রয়েছেন।জানা গেছে, সকাল ১০টায় রংপুর প্রথম মামলায় রংপুর সেক্টর সদর দপ্তরের ১১ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। পরে দুপুর ১২টায় সেক্টরের অধীন ৩৪ রাইফেল ব্যাটালিয়ানের ৪৩ সদস্যের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটির অভিযোগ উত্থাপন করা হয়।দুটি মামলার অভিযোগেই বলা হয়, গত বছর ঢাকার পিলখানায় বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসামিরা সম্মিলিত সহযোগিতায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করেন এবং বিদ্রোহের পরিকল্পনা করার পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে উসকানি দেন। অস্ত্রাগারের দরজা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট এবং গুলি ছোড়ার মাধ্যমে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। তাঁরা রংপুর-দিনাজপুর মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।খাগড়াছড়ি: বিডিআরের খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে ৪২ সদস্যের বিচারকাজ সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫তে সকাল ১০টায় শুরু হয়। এতে বিচারক প্যানেলে সভাপতিত্ব করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।সুবেদার সহকারী মো. সিরাজুল ইসলাম ৪২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ২৬ ফেব্রুয়ারি বিডিআর সেক্টর সদর দপ্তর খাগড়াছড়িতে বিডিআরের ৪২ সদস্য সম্মিলিতভাবে বিদ্রোহের উদ্দেশে একে অপরের সহযোগিতায় ঢাকার পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, যা বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। আসামিদের মধ্যে এর আগে ২৫ জন বিডিআর সদস্যকে খাগড়াছড়ি সদর থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে অন্য ১৭ জন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো এবং সব আসামিকে আজ সকাল নয়টায় হাজির করার আদেশ দেন।জামালপুর: জামালপুর ৬ রাইফেল ব্যাটালিয়নে বিশেষ আদালতে বিডিআরের ৫২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। আদালত অভিযোগ গ্রহণ করে আজ সকাল আটটা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। বিশেষ আদালত-১৭-এর সভাপতির দায়িত্ব পালন করছেন বিডিআরের কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার।জানা গেছে, জামালপুর বিডিআরের উপসহকারী পরিচালক আজিজুল ইসলাম বিডিআরের ৫২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। আসামিদের মধ্যে ৪৪ বিডিআরের সদস্য বিদ্রোহের পর থেকেই জেলা কারাগারে আটক রয়েছেন। অন্য আটজনকে গতকাল জামালপুর ব্যাটালিয়ন থেকে আটক করে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।সিলেট: বিডিআরের সিলেট সেক্টরের ২১ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৪তে অভিযুক্ত ৪৪ সদস্যের উপস্থিতিতে মামলার সাক্ষ্য গ্রহণ হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আদালত আবার বসবে। আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটায় শুরু হয় আদালতের কার্যক্রম। বিকেল সোয়া চারটা পর্যন্ত আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল তিনজনের। মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।এদিকে গতকাল আদালতে আরও দুই আসামি দোষ স্বীকার করেন। গত মঙ্গলবার ৩৭ জন আসামি দোষ স্বীকার করেছিলেন। বাকি পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করেছেন। গতকালও বিচার চলাকালে আবু তালেব নামে বিডিআরের এক জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার অসুস্থ হয়ে ল্যান্স নায়েক মো. আবদুস সালাম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়।বিশেষ আদালত-১৪-এর বিচার প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআর কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।