রংপুর অঞ্চলে কমছে বোরোর আবাদ
ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় রংপুর অঞ্চলে বোরো ধানের আবাদ দিন দিন কমে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কৃষকদের অভিযোগ, ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় বোরো চাষে নিরুৎসাহী হয়ে অন্য ফসলের আবাদে ঝুঁকছেন তাঁরা। কিন্তু কৃষি কর্মকর্তারা বলছেন, বোরো চাষের কারণে এ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। তাই সরকারি সিদ্ধান্তে বোরো চাষের পরিবর্তে পানি ছাড়া অন্য ফসল চাষে কৃষকদের উৎসাহী করা হচ্ছে। এর ফলে বোরো চাষ কমে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের দেওয়া তথ্যে জানা গেছে, রংপুর অঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী এই পাঁচ জেলায় ২০১৫ সালে বোরো চাষ মৌসুমে বোরো ধান আবাদ হয়েছিল ৫ লাখ ২১ হাজার ২৮৩ হেক্টর জমিতে। গত বছর তা কমে দাঁড়ায় ৫ লাখ ১১ হাজার ৬৮৬ হেক্টরে। আর চলতি মৌসুমে চাষ করা হয়েছে ৫ লাখ ২ হাজার ২৮৩ হেক্টর জমিতে। অর্থাৎ গত দুই বছরে প্রায় ১৯ হাজার হেক্টর কম জমিতে ধানের আবাদ হয়েছে।
সেই সঙ্গে এই পাঁচ জেলায় ২০১৫ সালে অন্য দুটি ফসলের মধ্যে আলু আবাদ হয়েছিল ৯০ হাজার ২৫৫ হেক্টর জমিতে। গত বছর তা বেড়ে দাঁড়ায় ৯৪ হাজার ১৬০ হেক্টর। আর চলতি মৌসুমে চাষ করা হয়েছে ১ লাখ ৬১২ হেক্টরে। ২০১৫ সালে ভুট্টা আবাদ হয়েছিল ৬৫ হাজার ২০০ হেক্টরে। গত বছর ৬৮ হাজার ১৬০ হেক্টর এবং চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৪২৪ হেক্টর।
রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মহেন্দ্র গ্রামের কৃষক শমসের মিয়া এ বছর তিন একর জমির মধ্যে অর্ধেক জমিতে আলু আবাদ করেছেন। তবে কিছু জমিতে দেরিতে হলেও বোরো চাষ করছেন। তিনি বলেন, বোরো ধানের পরিবর্তে আলু আবাদ করে লাভ হয়েছে। তাই এ বছর অনেক জমিতেই তিনি ধান আবাদ করেননি।
গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট গ্রামের আমজাদ হোসেন বলেন, ‘দুই বছর থাকি বোরো ধানের পরিবর্তে আলু আবাদ করি আসতোছি।’ তাঁর মতে, এক মণ ধান উৎপাদনে খরচ পরে প্রায় ৮০০ টাকা। সেই ধান ওঠার পর বিক্রি হয় ৫০০-৬০০ টাকা। এই লোকসান থেকে বাঁচতেই তিনি আলু আবাদ করেছেন।
বাংলাদেশ কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন জানান, ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকেরা বোরো চাষে উৎসাহ হারাচ্ছেন। সরকার ধানের মূল্য ৮০০ টাকা নির্ধারণ করে দিলেও কৃষকেরা ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে সরকারিভাবে ধান বিক্রি করতে পারেন না। এর ফলে কৃষকেরা অন্য ফসলের দিকে ঝুঁকে পড়ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক স ম আশরাফ আলী বলেন, পানিনির্ভর বোরো চাষের পরিবর্তে পানি ছাড়া অন্য ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কেননা, বোরো চাষের কারণে রংপুর অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যায়। এর ফলে গত তিন বছরে রংপুর অঞ্চলে ভুট্টা, আলু, গম ও সরিষা চাষ অনেক বেড়েছে। এসব ফসল উৎপাদন করে কৃষকেরা লাভবানও হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।