রংপুর অঞ্চলের নিবন্ধন আজ শুরু
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এ আহ্বান নিয়ে রংপুরে এবারও আয়োজন করা হচ্ছে আঞ্চলিক গণিত উৎসব। ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এ উৎসব হবে। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব রংপুর অঞ্চলের নিবন্ধন শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে এ অঞ্চলে মোট এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে। রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নীলফামারী জেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রংপুর আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। মোট চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। বিভাগগুলো হলো, প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান), সেকেন্ডারি (নবম-দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান)।ব্যক্তিগত পর্যায়ে যে কেউ এ উৎসবে অংশ নিতে পারবে। তবে নিবন্ধন করার জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।উৎসবে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর রংপুর কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। বিস্তারিত জানার জন্য প্রথম আলোর রংপুর কার্যালয়, আইনজীবী সমিতি ভবন, কাচারী বাজার, রংপুর, ফোন: ০৫২১-৫১৯৫১—ঠিকানায় বা আরিফুল হকের (মুঠোফোন: ০১৭১১০৭০৬৭৪) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট জেলাগুলোতেও যোগাযোগ করা যাবে। তাঁরা হলেন কুড়িগ্রাম কার্যালয়ের সফি খান (০১৭১৩২০১৭৪৫), দিনাজপুর কার্যালয়ের আসাদুল্লাহ্ সরকার (০১৭১৩২০১৭৪৪), পঞ্চগড়ের শহীদুল ইসলাম (০১৭১৩২০১৭৩৭), ঠাকুরগাঁওয়ের মজিবর রহমান (০১৭১৩১৪৯২৫৪), লালমনিরহাটের আবদুর রব (০১৭১২৬০৩২১৭) ও নীলফামারীর মীর মাহমুদুল হাসান (০১৭১৩২০১৫৩৯)।