রংপুর আ.লীগের কমিটি হচ্ছে ঢাকা থেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনেও সম্মেলন করতে না পারায় রংপুর জেলা আওয়ামী লীগের কমিটি অবশেষে ঢাকা থেকে করা হচ্ছে। তাই দলের কমিটিতে নাম রাখতে অধিকাংশ নেতা এখন ঢাকামুখী। অন্যদিকে, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় দলের অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।গত ২৩ অক্টোবর রংপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যেসব এলাকায় কমিটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে, সেসব এলাকার কমিটি ঢাকা থেকে করা হবে। যাঁরা দলে সক্রিয়, এমন বেশ কিছু নেতার নাম সংগ্রহ করা হয়েছে। তাঁদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়। কমিটির মেয়াদ ছিল দুই বছর। এরপর ২০০০ সালে আবুল মনসুর আহমেদকে আহ্বায়ক, তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০০০ সাল থেকে কয়েকবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও দলে নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট হওয়ায় সম্মেলন করা আর সম্ভব হয়নি।বর্তমান আহ্বায়ক কমিটির একাধিক সদস্য জানান, দলের কার্যক্রম একেবারেই ঝিমিয়ে পড়েছে। অনেকে অভিযোগ করেন, পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে বর্তমান কমিটির প্রভাবশালী নেতাদের কোনো উদ্যোগ নেই। এদিকে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, আহ্বায়ক কমিটির নেতারা তাঁদের পদ ছাড়তে নারাজ। দলীয় কার্যালয়ে অধিকাংশ নেতা-কর্মীর উপস্থিতিও নেই।আহ্বায়ক কমিটির সদস্য সাফিউর রহমান বলেন, দলে দ্বন্দ্ব থাকায় কয়েক দফা সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও কমিটি গঠন করা সম্ভব হয়নি। এখন কেন্দ্র থেকে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হতাশা ব্যক্ত করে বলেন, ‘আগের মতো নেতা-কর্মীদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। দলে শুধু কোন্দল। আর তাই দলের নেতৃত্ব নিয়ে আপাতত ভাবছি না।’জেলা কমিটির আহ্বায়ক আবুল মনসুর আহমেদ বর্তমান আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, সম্মেলনের জন্য দফায় দফায় তারিখ নির্ধারিত হয়েছে। কিন্তু দলে বিরোধ থাকায় তা করা আর সম্ভব হয়নি। কেন্দ্র থেকে শিগগির জেলা ও মহানগর কমিটি গঠন করা হবে।