রংপুর পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) আওয়ামী লীগের নেতা-কর্মীদের টেন্ডারবাজির ঘটনাকে কেন্দ্র করে দলের দুটি পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। এ কারণে জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভাও স্থগিত করতে হয়েছে বলে দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।দলের একাধিক সূত্রে জানা গেছে, দরপত্রের ঘটনাকে কেন্দ্র করে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে এখন অসন্তোষ বিরাজ করছে। রাজনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। গত রোববার জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলের নেতা-কর্মীদের মধ্যে বিরোধের জের ধরে এ সভা স্থগিত করা হয়েছে। তবে সভা স্থগিতের বিষয়টি অনিবার্য কারণ দেখিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে।জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ বলেন, দলের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব রয়েছে ঠিকই। কিন্তু সম্প্রতি পাউবোতে এমন টেন্ডারবাজি করতে গিয়ে ১১ জন নেতা-কর্মী গ্রেপ্তারের ঘটনায় দলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব নেতা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলে তিনি মন্তব্য করেন।সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের রাজনীতিতে দ্বন্দ্ব ছিল এবং এই টেন্ডারের ঘটনাকে কেন্দ্র করে তা আরও বিকশিত হয়েছে। বর্তমান দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।দলের পদ নিয়ে যাঁরা টেন্ডারবাজি করছেন, তাঁদের উদ্দেশ করে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউজ্জামান বললেন, আসল কাজ নেই। ভাবমূর্তি ক্ষুণ্ন করতে টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তাঁরা। মহানগর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক শামীম তালুকদার দুঃখ প্রকাশ করে বলেন, ‘যেখানে যাই, সেখানেই আওয়ামী লীগের টেন্ডারবাজির কথা শুনতে হচ্ছে।’মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান বলেন, যে কেউ বিরোধিতা করতেই পারে। তবে যাঁরা এমন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, তাঁরা তাঁদের দলেরই ক্ষতি করছেন।দরপত্র জমা দেওয়া নিয়ে যা কিছু ঘটেছে, সে জন্য দুঃখ প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে ঘটনাটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ থাকতেই পারে। আশা করি, এসব ঠিক হয়ে যাবে।’ পাউবো রংপুর বিভাগীয় কার্যালয়ে ৬ সেপ্টেম্বর ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পাবনার ঠিকাদার আবদুল বাসেদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তাঁরা অবশ্য জামিনে রয়েছেন।