রংপুর এক্সপ্রেস আজ ৫ ঘণ্টা দেরি

ঈদযাত্রার তৃতীয় দিন আজ শনিবার। গত দুদিনের মতো আজও কমলাপুর স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সকালে যেসব ট্রেন ছাড়ার কথা ছিল, তার সবই প্রায় ঠিক সময়ে স্টেশন ছেড়ে গেলেও সকাল নয়টার রংপুর এক্সপ্রেস ট্রেন এসেছে বেলা দেড়টায়। পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করে বেলা দুইটায়।
আগের দিন শুক্রবার রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে এসেছিল। গত দিনের দুই ঘণ্টা দেরির জট খোলার আগে আজ পাঁচ ঘণ্টা দেরিতে আসে ট্রেনটি। যার ফলে যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে।
আজ সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে মোট ১৬টি ট্রেন ছেড়ে গেছে। কমবেশি প্রতিটি ট্রেনেই ছিল প্রচণ্ড ভিড়। মহানগর প্রভাতী ছাড়া প্রতিটি ট্রেনের ছাদে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করেছে। রংপুর এক্সপ্রেস ট্রেনের ছাদেও তিল ধারণের ঠাঁই ছিল না।
পরিবার নিয়ে ঈশ্বরদী যাবেন আঞ্জুমান আরা। তিনি বলেন, যানজট ও নিরাপত্তার জন্য ট্রেনে ভ্রমণ তাঁর পছন্দ। তাঁর ছোট তিন শিশুর জন্য তিনি সব সময় ট্রেনই পছন্দ করেন। সময় ঠিক থাকলে ট্রেনে যাতায়াত করতে আরও ভালো লাগত বলে তিনি জানান।
এ ছাড়া যাত্রী অনেক বেশি হওয়ার কারণে ট্রেনের বগিতে উঠতে যাত্রীদের অনেক বেগ পেতে হয়েছে। বিশেষ করে তাপানুকূলের যাত্রীদের ট্রেনে উঠতে বেশ কষ্ট হয়েছে। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যাত্রীদের সহায়তায় এগিয়ে এলে যাত্রীরা ট্রেনে উঠতে পারেন।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তাহনিয়া সুলতানা বলেন, ঈদে পরিবার নিয়ে বাড়ি যাওয়ার সময় ট্রেন সবচেয়ে নিরাপদ। তবে আজ ছোট শিশু নিয়ে ট্রেনে উঠতে বেশ তাঁর বেশ কষ্ট হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটু তৎপর হলে হয়তো এটাও থাকবে না বলে তিনি মনে করেন।
রংপুর এক্সপ্রেস ট্রেনের দেরির বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গতকালের দুই ঘণ্টা দেরি এবং রাস্তায় কিছু দেরির কারণে আজ দেরি হয়েছে। এটি নতুন ট্রেন। এই লাইনে অতিরিক্ত ট্রেন নেই। তাই যতটুকু সম্ভব দেরিটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে।