রংপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। বিপুল উৎসাহ-উদ্দীপনা। অপেক্ষার প্রহর গুনছে সবাই। ঘড়িতে তখন বিকেল চারটা বেজে পাঁচ মিনিট। হর্ন বাজিয়ে স্টেশনে প্রবেশ করল ‘রংপুর এক্সপ্রেস’। ঢাকা-রংপুর রুটে গতকাল রোববার রংপুর এক্সপ্রেস নামের নতুন এই আন্তনগর ট্রেনের উদ্বোধন করা হয়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পতাকা নিয়ে ট্রেন চালানোর সংকেত দিয়ে রংপুর এক্সপ্রেসের উদ্বোধন করেন। এদিকে রেলস্টেশনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান ও দপ্তর সম্পাদক তৌহিদুর রহমানের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত হন। পরে সংশ্লিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।এর আগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীবিহীন ট্রেনটি বঙ্গবন্ধু সেতু, বগুড়া, গাইবান্ধা ও কাউনিয়া জংশন হয়ে বিকেলে রংপুর স্টেশনে পৌঁছায়। এই ট্রেনেই রংপুরে আসেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমাবেশে যোগাযোগমন্ত্রী বলেন, আরও একটি ট্রেন চালু করা হবে। রংপুর এক্সপ্রেস রংপুর থেকে ঢাকার উদ্দেশে রাতে যাত্রা করবে। এই অঞ্চলের মানুষ যাতে রাতে যাত্রা করে দিনে ঢাকায় পৌঁছে অফিসের কাজ করতে পারে, সে জন্যই এই সময় নির্ধারণ করা হয়েছে। সড়ক যোগাযোগব্যবস্থার বেহাল দশা প্রসঙ্গে আবুল হোসেন বলেন, ‘আমি আমার মন্ত্রণালয়ের কাজ পবিত্রতার সঙ্গে সঠিকভাবে পালন করছি। আমাকে কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না, ফলাফল ভালো হবে না।’ পরে গতকাল রাত সাতটা ৪০ মিনিটে পতাকা হাতে নিয়ে ট্রেন চালানোর সংকেত দিয়ে রংপুর এক্সপ্রেসের উদ্বোধন করেন মন্ত্রী আবুল হোসেন।রংপুর এক্সপ্রেস চালু প্রসঙ্গে রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ‘রংপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন এবং কথাও রাখলেন। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী মো. জুননুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ঈদের আগে নতুন ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত।’ ‘রংপুর এক্সপ্রেস’ রোববার বাদে প্রতিদিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে রংপুর থেকে ছেড়ে যাবে। কমলাপুরে পৌঁছে ওই ট্রেনটিই সকাল সাতটা ৪০ মিনিটে রংপুরের উদ্দেশে ছেড়ে আসবে। সাংবাদিক লাঞ্ছিত: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিটিভি ও আমাদের সময়-এর রংপুর প্রতিনিধি আলী আশরাফ যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের ছবি তুলতে গেলে হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগের নেতা শাহিনুর ও তৌহিদুর। তাঁরা আলী আশরাফকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনায় সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে সংবাদ সংগ্রহের কাজ বাদ দিয়ে স্টেশন ছেড়ে যান। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় যোগাযোগমন্ত্রীও একপর্যায়ে দুঃখ প্রকাশ করেন। পরে সংবাদ সংগ্রহের কাজ শুরু করেন সাংবাদিকেরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রেজাউল করিম বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। হঠাৎ করে হয়ে গেছে। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।’