রংপুর ও কুমিল্লায় বিএসটিআইয়ের কার্যক্রম শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও কুমিল্লা জেলা সদরে অস্থায়ীভাবে বিএসটিআই মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ কার্যক্রম শুরু করবে। প্রাথমিকভাবে ব্যক্তি মালিকানাধীন ভাড়া বাড়িতে এ কার্যক্রম চালু হবে। পরবর্তী সময় জেলা পর্যায়ে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন অফিস-কাম-ল্যাবরেটরি স্থাপন শেষ হলে নিজস্ব ভবনে জেলা দুটিতে কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৩০তম কাউন্সিল সভায় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সভায় সভাপতিত্ব করেন।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, অর্থ বিভাগ, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি ও ডিসিসিআই, বিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় দেশব্যাপী বিএসটিআইয়ের মাধ্যমে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএসটিআইকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চলমান উন্নয়ন কর্মসূচি, জনবল বৃদ্ধি, নতুন প্রকল্প গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও ভোগ্যপণ্যের গুণগতমান সুরক্ষায় দেশব্যাপী বিএসটিআইয়ের অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই ছাড়াও কাউন্সিলের সদস্যভুক্ত মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিল্পমন্ত্রী বিএসটিআইকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানের গুণগতমানের ওপর জনগণের জীবনের সুরক্ষার বিষয়টি নির্ভর করছে। তিনি বলেন, শিশুখাদ্য ও নির্মাণ সামগ্রীতে ভেজাল দেওয়া হলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এটি প্রতিরোধের দায়িত্ব বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্তায়। তিনি জাতীয় পর্যায়ে পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।