রংপুর ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই দিন কুড়িগ্রামের উলিপুরে একজন নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার গোসাইজানি সেতুর কাছে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিকআপের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা তিনজনই গরু ব্যবসায়ী ছিলেন।
নিহত গরু ব্যবসায়ীরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের হাফিজার রহমান (৫২), বাবলু মিয়া (৪২) ও নিজপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫২)। এ সময় অটোচালক আবদুল বারী আহত হয়েছেন। পিকআপের চালক পলাতক।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারাগঞ্জ (রংপুর): উপজেলার ইকরচালী ফকিরপাড়া গ্রামের মোজ্জাম্মেল হক (৪০) গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সকাল সাড়ে ছয়টায় তিনি নিজ বাড়ি থেকে আইসক্রিমের ভ্যান নিয়ে আইসক্রিম কেনার জন্য উপজেলা সদরের সেলিমের আইসক্রিম কারখানার উদ্দেশে রওনা দেন। সকাল সাতটায় ঘনিরামপুর এলাকায় তাঁকে দিনাজপুরগামী একটি নৈশকোচ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম: রাজারহাট উপজেলা থেকে গমবোঝাই একটি ট্রাক উলিপুর যাচ্ছিল। উলিপুর পৌরসভার ভগিরগাছ এলাকায় একটি মোটরসাইকেল গর্তে পড়ে যায়। এ সময় পেছনে বসে থাকা মোটরসাইকেলের আরোহী ইউসুফ আলী (৫০) ছিটকে ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইউসুফ আলীর বাড়ি রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে। এ ঘটনায় জনতা ট্রাকসহ চালক সুজন হোসেনকে (২৮) আটক করে পুলিশে দেন।