রংপুর ও গজারিয়ায় নদী থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু তোলায় ভাঙনের হুমকিতে পড়েছে একটি সড়ক ও আবাদি জমি। ইতিমধ্যে বেশ কিছু আবাদি জমিতে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা থেকে অবৈধভাবে বালু তোলায় ভাঙনের আশঙ্কায় পড়েছে দুটি গ্রাম।সরেজমিনে দেখা গেছে, রংপুর সদর উপজেলার উত্তম ইউনিয়নের বেতারপাড়া এলাকার মহাসড়কের পাশে দুটি মেশিন বসিয়ে বালু তোলা করা হচ্ছে। ওই এলাকার জাহিনুর ইসলাম ও আকবর হোসেন বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এসব বালু দিয়ে ডায়মন্ড পারটেক্স কোম্পানির মালিক কামাল হোসেনের প্রায় দেড় একর জমি ভরাট করা হচ্ছে।এলাকার বাসিন্দা সেকেন্দার আলী অভিযোগ করেন, বালু তোলায় ইতিমধ্যে কিছু জমিতে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে বর্ষা মৌসুমের মধ্যে তাঁর ৩০ শতাংশ জমি বিলীন হয়ে যাবে। আবদুর রশিদ নামের আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বিষয়টি এলাকার চেয়ারম্যানকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।স্থানীয় উত্তম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন জানান, নদী থেকে এভাবে বালু তুলতে তাঁদের নিষেধ করা হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর আবার বালু তোলা হচ্ছে। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, তিনি সেখানে গিয়ে বালু তোলা বন্ধ করে সব সরঞ্জাম জব্দ করেছেন। এরপর আবারও বালু তোলা হলে বিষয়টি তিনি দেখবেন।শিল্পপতি কামাল হোসেন বলেন, ‘আমি বালু তুলছি না। জমি ভরাট করতে বালু কিনছি।’ জাহিনুর ইসলাম বলেন, নদীর পাশে চার শতাংশ জমি কিনেছি। সেই জায়গা এখন নদীর মধ্যে চলে গেছে। এখান থেকেই বালু তোলা হচ্ছে।’মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টান বলাকী ও ভাটি বলাকী গ্রাম-সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রবেতাগী মৌজায় মেঘনার বালুমহাল ইজারা নিয়েছেন আবদুল মান্নান সরকার। কিন্তু তাঁর লোকজন ওই এলাকার বাইরে থেকে বালু তুলে নিয়ে যাচ্ছে।গ্রামবাসী লতিফ মিয়া, মুরাদ মিয়া, লস্কর বেপারী জানান, দীর্ঘদিন ধরে বালু তোলায় এলাকার ৩০ থেকে ৩৫ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। বালু তোলা অব্যাহত থাকলে তাঁদের বসতবাড়িও বিলীন হয়ে যাবে। ভাটি বলাকী গ্রামের বাসিন্দা মাহাবুব আলম খান জানান, ইজারা দেওয়া মহালের বাইরে নদীর তীর থেকে বালু তোলায় তীরবর্তী ওই দুটি গ্রাম ভাঙনের আশঙ্কায় রয়েছে। এ বিষয়ে গ্রামবাসী স্থানীয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরও রাতের আঁধারে বালু তোলা অব্যাহত রয়েছে।সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ জানান, ইজারাবহির্ভূত স্থান থেকে বালু তোলার দায়ে কিছুদিন আগে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার আটক ও চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ইজারাদার আবদুল মান্নান সরকার বলেন, ‘ইজারাবহির্ভূত জায়গা থেকে যারা রাতের আঁধারে বালু তোলে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের লোকজন ইজারা পাওয়া মহাল থেকেই বালু তোলে।’