রংপুর ও ঠাকুরগাঁওয়ে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মিলন মিয়া (২৮) নামের অটোরিকশাচালক গত রোববার রাতে খুন হয়েছেন। তিনি রংপুর শহরের আলমনগর বাবুপাড়ার দুলাল মিয়ার ছেলে। একই দিন ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল আরোহী মফিজ উদ্দিন (৬৫) খুন হয়েছেন। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মিলন মিয়া রোববার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হন। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রংপুর নগরের বসির হিমাগারের পেছনে ঝোপের মধ্য থেকে মিলন মিয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে তাঁর অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে রোববার রাতে মফিজ উদ্দিন তাঁর ভাগনে লিটনকে (২৪) সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে ঠাকুরগাঁও ফিরছিলেন। রাত তিনটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমিল্লাহাড়ী এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা লিটনকে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। এ সময় ছিনতাইকারীরা মফিজের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত মফিজ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন।
নিহত মফিজ জমিজমা কেনাবেচার মাধ্যম হিসেবে কাজ করতেন।