রংপুর ও দিনাজপুরে ঢিলেঢালা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অবরোধের প্রথম দিনে দু-একটি স্থান ছাড়া গতকাল মঙ্গলবার নেতা-কর্মীদের রাজপথে দেখা যায়নি। শহরে জীবনযাত্রাও ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস না চললেও শহরে ছোট যান চলাচল করেছে। দিনাজপুরেও জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
স্থানীয় লোকজন জানান, রংপুর নগরের মডার্ন মোড় ছাড়া আর কোথাও বিএনপি ও জামায়ত-শিবিরের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়নি। আন্তজেলা বাস চলাচল না করলেও ব্যাটারিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। শহরের জেলা পরিষদ সুপার মর্কেট, সাতমাথা মোড়, পার্কের মোড়ে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর শহরের প্রবেশমুখ মেডিকেল কলেজ মোড় এবং দিনাজপুর-রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী মোড়ে ১৮ দলের কর্মীরা অবরোধ করলেও জীবনযাত্রা স্বাভাবিক ছিল। ভারী যান চলাচল না করলেও শহরে ছোট যান চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালত ও ব্যাংক-বিমায় স্বাভাবিক কার্যক্রম চলেছে।