রংপুর ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে গতকাল সোমবার যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। একই দিন পাবনার সুজানগরে নছিমন উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হন। গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার ঈদগা মাঠের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা হলেন—সিরাজুল ইসলাম (২৫), সুনীল শর্মা (২৩) ও শ্যামল চন্দ্র (২১)। নিহতদের বাড়ি রংপুর সদরের বুড়িরহাট এলাকার চব্বিশ হাজারি গ্রামে। পাবনার সুজানগর উপজেলার চরদুলাই গ্রাম থেকে গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন মাছ ব্যবসায়ী শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনে করে সুজানগর বাজারে আসছিলেন। এটি দুলাই ইউনিয়নের পাগলারগলি এলাকায় এসে উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নছিমনের যাত্রী চরদুলাই গ্রামের হাবিবুর রহমান (৪০) নিহত ও আরও পাঁচজন আহত হন।