রংপুর ও বরিশালে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানুক সবাই, দেখাও তুমি’ এই স্লোগান সামনে রেখে বরিশাল ও রংপুরে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। সফটওয়্যার প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। গতকাল সকাল নয়টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
রংপুরে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মন্ত্রী দুপুরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উদ্বোধনের পর শিক্ষার্থীদের ৩০ মিনিটের কুইজ পরীক্ষা, দুই ঘণ্টার প্রোগ্রামিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, লাঙলের বদলের এখন গ্রামের মানুষের হাতে উঠছে ল্যাপটপ, মুঠোফোন। যে যেখানেই থাকুক মুঠোফোনে যোগাযোগ করছে। এভাবেই ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে। সেদিন আর বেশি দূরে নয়।