রংপুর ও ময়মনসিংহে আবাসিক ক্যাম্প শেষ

রংপুর ও ময়মনসিংহে আই-জেনের তিন দিনব্যাপী আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প গতকাল শনিবার শেষ হয়েছে। রংপুর অঞ্চল থেকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং ময়মনসিংহ অঞ্চল থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয় সেরা স্কুল নির্বাচিত হয়ে ফাইনাল রাউন্ডে উঠল।
রংপুর: রংপুরের দর্শনা মোড় এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত আবাসিক ক্যাম্প থেকে সেরা নির্বাচিত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হলো: ইমামুন নূর, শফিউর রহমান, সৌগত দেবনাথ, রিফাদুজ্জামান রিফাদ ও সাহেদ হোসেন। গতকাল সব স্কুলের শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে তা উপস্থাপন করে। বিচারক ছিলেন শরীফ চৌধুরী, তিতাস আহমেদ ও মতিউর রহমান। পুরস্কার হিসেবে বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়াসহ সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।
ময়মনসিংহ: ময়মনসিংহের কর্মশালায় বিজয়ী হয়েছে গাজীপুর জেলার প্রতিনিধিত্বকারী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়। বিজয়ী দলের পাঁচ সদস্য হলো: মুকতাদির মাহাদী, রাশেদ জামাল, তন্ময় চক্রবর্তী, ফারজানা আখতার ও সামিহা বিনতে মকবুল। বেলা একটায় প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ী দলের নাম ঘোষণা ও ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আফজালুর রহমান। বক্তব্য দেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। এর আগে সারা দেশের দুই হাজার স্কুলে আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।