রংপুর ও রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
রংপুর নগরের দমদমা এবং টার্মিনাল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, বগুড়া থেকে রংপুরগামী বিআরটিসি যাত্রীবাহী বাস রংপুরের দমদমা এলাকায় একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলারোহী আবদুর রাজ্জাক (৩৫) ও জুলফিকার আলী (৩২) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। তাঁদের বাড়ি নগরের মণ্ডলপাড়ায়।
এদিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নুর আলম (৩০) নামের এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি নগরের বুড়িরহাটের বাসিন্দা। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতি পুরাতন বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় লামিয়া (৮) নামের একটি শিশুকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতি পুরাতন বাজার এলাকার লাল চানের মেয়ে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক জামান বলেন, শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।