সিলেট ও রংপুর জেলায় গতকাল রোববার ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। সিলেটে অবরোধকালে গত বৃহস্পতিবার জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জেলার চারটি উপজেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল করেছে বিএনপি। এ ছাড়া দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম আহত হওয়ার প্রতিবাদে গোয়াইনঘাটে আধা বেলা হরতাল পালিত হয়েছে স্থানীয় বিএনপির ডাকে।
এদিকে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল অবরোধকারীদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবারও সাতটি স্থানে হরতালের ডাক দিয়েছে ১৮-দলীয় জোট। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গতকাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল জেলা বিএনপি। জেলায় শান্তিপূর্ণভাবে এ হরতাল পালিত হয়।
গত বৃহস্পতিবার সিলেটে অবরোধ পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম এবং দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম আহত হওয়ায় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল হয়েছে। হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা কয়েকটি রিকশা ও ছোট যান ভাঙচুর করেন। অন্য চার উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে।
এ ছাড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ১৮-দলীয় ঐক্যজোটের ডাকে গোয়াইনঘাটে হরতাল পালিত হয়েছে।
এদিকে আজ সোমবার সাতটি স্থানে হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট। স্থানগুলো হলো গাইবান্ধা, নাটোর, গাজীপুরের কালিয়াকৈর, ময়মনসিংহের ভালুকা, বগুড়ার আদমদীঘি, নোয়াখালীর বেগমগঞ্জ ও চট্টগ্রামের পটিয়া।
গাইবান্ধা, নাটোর ও আদমদীঘি (বগুড়া) ও বেগমগঞ্জে (নোয়াখালী) মিছিলে পুলিশের হামলা, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁদের আহত হওয়ার প্রতিবাদ এবং রুহুল কবির রিজভী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
গাজীপুরের কালিয়াকৈর গতকাল পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ এবং পুলিশের গুলিতে ৪০ নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
ময়মনসিংহের ভালুকায় অবরোধের দ্বিতীয় দিনে গতকাল অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতিসহ সাত নেতা-কর্মী গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হওয়ার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। চট্টগ্রামের পটিয়ায় উপজেলা যুবদলের (একাংশের) সাধারণ সম্পাদক এম এ গফুরকে (৪২) গত শনিবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা বিএনপির একাংশ এখানে হরতাল ডেকেছে।