রংপুর ও সুনামগঞ্জে উদীচীর সম্মেলন
‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার রংপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই দিন সুনামগঞ্জে সংগঠনটির দশম জেলা সম্মেলন হয়।
পাবলিক লাইব্রেরি মাঠে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন রংপুরের প্রবীণ লোকসংগীতশিল্পী রাধারানী সরকার। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের কলকাতার লালন একাডেমির সভাপতি শুভেন্দু মাইতি। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়। এরপর পাবলিক লাইব্রেরি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলন প্রস্তুতি পরিষদের সভাপতি মলয় কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা হয়।
সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে উদীচীর সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শংকর সাঁওজাল। সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরশ আলী, জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, উদীচীর কেন্দ্রীয় চারুকলা ও চলচ্চিত্রবিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ প্রমুখ।