রংপুর ও সৈয়দপুরে তীব্র শীত বেড়েছে গরম কাপড়ের চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন গ্রামের মানুষেরা। ছবিটি গতকাল নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন গ্রামের মানুষেরা। ছবিটি গতকাল নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গত সোমবার বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে কাঁপছে এখানকার প্রায় পাঁচ লাখ মানুষ। রংপুর নগরে কনকনে বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। ফলে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে।
সৈয়দপুরে গতকাল মঙ্গলবার সারা দিন ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারদিক। সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে ছিল হিমেল বাতাস। খড়কুটো জ্বালিয়ে শীতের দাপট থেকে বাঁচার চেষ্টা করছে মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও বাতি জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত সোমবার দুপুরে হঠাৎ বৃষ্টির ফলে এ উপজেলায় শীত আরও জেঁকে বসেছে। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে গবাদিপশু। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হিমেল হাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বেকায়দায় পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। বিপাকে পড়েছে স্কুলগামী ছেলেমেয়েরাও। তবে এ বৃষ্টি বোরো আবাদের জন্য আশীর্বাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, বৃষ্টিতে আলু, গম, সরিষা ও ভুট্টাসহ শীতকালীন ফসলের উপকার হয়েছে। কৃষকদের জন্য এমন বৃষ্টি আশীর্বাদ।
এদিকে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন সীমিত আকারে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, এ পর্যন্ত শীতার্ত মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম বলেন, তাড়াতাড়ি আরও শীতের কাপড় পাওয়া যাবে, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।
গতকাল রংপুর নগরে সরেজমিনে দেখা যায়, পুলিশ লাইনসের সামনে থেকে শিক্ষা কার্যালয় পর্যন্ত রাস্তার এক পাশে পুরোনো গরম কাপড়ের দোকানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়। বিকেলে ভিড় আরও বেড়ে যায়।
ব্যবসায়ীরা বলেন, সকাল থেকে ক্রেতারা আসেন। রাত আটটা পর্যন্ত থাকে ক্রেতাদের ভিড়। গরম কাপড়ের মধ্যে মাফলার, কানটুপি, সোয়েটার ও জ্যাকেটের বিক্রি গত বছরের চেয়ে এবার অনেক বেশি।
শহরের কেরানীপাড়া এলাকার সমসের মিয়া তাঁর দুই সন্তানকে নিয়ে গরম কাপড় কিনতে এসেছেন। তিনি বলেন, দুটি সোয়েটার ৬০০ টাকায় কিনেছি। তবে দাম বেশি। রাধাবল্লভ এলাকার গৃহিণী রাজিয়া বেগম বলেন, শিশুদের গরম কাপড় কম। তাই দামও বেশি।
শহরের সুরভি উদ্যানের সামনেও গরম কাপড়ের একাধিক দোকানে ভিড় লক্ষ করা গেল। এখানে গরম কাপড় কিনতে আসা শহরের জলকর এলাকার জীবন মিয়া বলেন, ‘একটি জ্যাকেট পছন্দ করেছি। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছি না।’
পুরোনো গরম কাপড় ব্যবসায়ী জসিম মিয়া বলেন, এবার শীত একটু দেরিতে পড়ছে। এরপরও বিক্রি বেশ ভালো।
রংপুর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে কনকনে বাতাস থাকায় অনেক বেশি শীত অনুভব হয়েছে।