রংপুর কারমাইকেল কলেজে নির্মিত হলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য
অবশেষে দীর্ঘ ২০ বছর পর রংপুর কারমাইকেল কলেজে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ এই ভাস্কর্য উন্মোচন করেন। গতকাল সকাল সাড়ে নয়টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ রংপুরের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, ‘এ ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে একটি প্রতিক্রিয়াশীল সংগঠনের বাধার কারণে নির্মাণ করা সম্ভব হয়নি। এ বছর এর নির্মাণকাজ শেষ হওয়ায় আমি গর্বিত।’ ভাস্কর্য নির্মাণ কমিটির আহ্বায়ক রেয়াজুল ইসলাম বসুনিয়া বলেন, ১৯৯১ সালে এ কলেজে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রথমে এটির নামকরণ করা হয়েছিল ‘প্রজন্ম-৭১’। কিন্তু তা পরিবর্তন করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য রাখা হয়েছে। কয়েক বছর আগে এই ভাস্কর্য নির্মাণে উদ্যোগ নেওয়া হলেও ছাত্রশিবিরের বাধার কারণে তা করা সম্ভব হয়নি। এদিকে এ বছর এটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ মাসেই এই ভাস্কর্যের নির্মাণকাজ শেষ হয়েছে।