রংপুর কারাগার থেকে পিআইওকে লালমনিরহাটের আদালতে তলব
খয়রাতির চাল আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) রংপুর কারাগার থেকে লালমনিরহাটের আদালতে তলব করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফাজ উদ্দিন এ বিষয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।
ওই কর্মকর্তার নাম নভেন্দু নারায়ণ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদকের) সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম গত মঙ্গলবার তাঁকে রংপুর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। ওই দিনই তাঁকে রংপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে রংপুর জেলা কারাগারে পাঠান।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও লালমনিরহাট আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নভেন্দু নারায়ণ চৌধুরী কালীগঞ্জে পিআইও হিসেবে কর্মরত থাকাকালে ২০১১-২০১২ অর্থবছরে দুই মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। ওই চাল কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের উত্তর কাজিরহাট খানকা শরীফের বাৎসরিক ইছালে ছওয়াব প্রকল্পের নামে বরাদ্দ ছিল। এ অভিযোগে দুদকের সমন্বিত জেলা রংপুর কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক জাকারিয়া ওই পিআইও ও কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কালীগঞ্জ থানায় মামলা করেন। নভেন্দু বর্তমানে নওগাঁর আত্রাই উপজেলায় পিআইও পদে কর্মরত আছেন। অপর আসামি হাফিজুর রহমান মারা গেছেন।
দুদকের রংপুর সমন্বিত জেলার সহকারী পরিচালক আমিরুল ইসলাম ও দুদকের লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি মশিউর রহমান বলেন, কালীগঞ্জ উপজেলার পিআইও হিসেবে কর্মরত থাকার সময় নভেন্দুর বিরুদ্ধে সরকারি খয়রাতির (জিআর) মোট ৪৮ টন চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব চাল আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর নভেন্দুর বিরুদ্ধে মোট ১৯টি মামলা হয়। মঙ্গলবার নভেন্দুকে ওই চাল আত্মসাতের মামলায় গ্রেপ্তার করে পরে বাকি ১৮টি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ২০১৫ সালের ২ জানুয়ারি প্রথম আলোয় ‘কালীগঞ্জে খয়রাতি চাল আত্মসাতের অভিযোগ, পিআইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।